পরিবর্তিত বাংলাদেশে জনগণের কণ্ঠস্বর চেপে ধরার আর সুযোগ নেই: ড. দেবপ্রিয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশ এখন একটি পরিবর্তিত রাষ্ট্র। বর্তমান পরিস্থিতিতে দেশের যেকোনো মানুষ, যেকোনো পরিচয়ের ব্যক্তি কিংবা যেকোনো অবস্থানের মানুষের কণ্ঠস্বর চেপে ধরার আর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি)  সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। 

তিনি বলেন,  সাধারণ মানুষের এই কণ্ঠস্বর প্রতিনিয়ত যারা দেশ পরিচালনা করছেন তাদের কাছে পৌঁছে দেওয়া হবে এবং সংশ্লিষ্টদের পক্ষ থেকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।  

বুধবার (১২ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের চীন- মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এসডিজি অর্জনে তিন দিনব্যাপী জাতীয় সম্মেলনের সমাপনী দিনে এসব কথা বলেন ড. দেবিপ্রয়। 

এসময় তিনি জানান, দেশের নীতিনির্ধারকরা একটি বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে পাঁচ বছরের কাজ চার বছরেই সম্পন্ন করার ঘোষণা দিয়েছেন। সরকার প্রকৃতপক্ষে এই প্রতিশ্রুতি রক্ষা করছে কিনা এবং তারা প্রতিদিন কী কাজ করছে বা করছে না, তার ওপর নিয়মিত কড়া নজর রাখা হবে। এই নজরদারির জন্য একটি বিশেষ 'সংস্কার ট্র্যাকার' (রিফর্ম ট্র্যাকার) এবং তার অধীনে একটি 'ইশতেহার পর্যবেক্ষণ' (ম্যানিফেস্টো ওয়াচ) ব্যবস্থা সক্রিয় রয়েছে। পাশাপাশি ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমেও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে এবং এই প্রক্রিয়ায় সকলকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান তিনি। 

ড. দেবপ্রিয় দেশের নীতিনির্ধারকদের উদ্দেশে বলেন, বাংলাদেশের সাধারণ মানুষের দৃষ্টি এখন আপনাদের ওপর নিবদ্ধ রয়েছে। জনগণ অনেক প্রত্যাশা এবং গভীর আস্থা নিয়ে আপনাদের দিকে তাকিয়ে আছে। কোনো অবস্থাতেই জনগণের এই আস্থা ও প্রত্যাশাকে হতাশায় রূপ দেওয়া যাবে না। জনগণের এই বিশ্বাসের মর্যাদা রক্ষার তাগিদ দেন তিনি।

—জা. অর্থনীতি/এএইচএ