চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে মাদকের টাকা না পেয়ে পিতা মুছাব্বর গাজীকে (৬০) ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার দায়ে ছেলে হোসেন গাজীকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। হোসেন গাজী চাঁদপুর সদর উপজেলার উত্তর ইচুলী এলাকার বাসিন্দা।
মামলার বিবরণ ও রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিউকিউটর (পিপি) কোহিনুর রশিদ জানান, হোসেন গাজী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ২০১৮ সালের ১৬ নভেম্বর সকালে মাদকের টাকার জন্য নিজ ঘরে বাবাকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন তিনি। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মুছাব্বর গাজী মারা যান। এ ঘটনায় নিহতের বড় ছেলে আলম গাজী বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় ছোট ভাইকে আসামি করে হত্যা মামলা করেন।
তদন্ত শেষে ২০১৯ সালে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। মামলার বিচার চলাকালে ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও তথ্যপ্রমাণ বিশ্লেষণ শেষে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন আদালত।
—জা. অর্থনীতি/এলএটি