চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম বন্দরের জলসীমায় নোঙ্গর করে থাকা একটি বাল্ক ক্যারিয়ারের সঙ্গে তেলবাহী ট্যাংকারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে প্রায় ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল বহনকারী ট্যাংকার এমটি সি স্পাইক (IMO: 9629952) নোঙ্গর করে থাকা এমভি সান শাইন (IMO: 9405435)-এর সঙ্গে সংঘর্ষে জড়ায়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জাতীয় অর্থনীতিকে জানান, তীব্র স্রোতের কারণে এমটি সি স্পাইকের নিয়ন্ত্রণ বজায় রাখা সম্ভব হয়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
সংঘর্ষের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এমটি সি স্পাইকের কার্গো ট্যাংকগুলো সম্পূর্ণ অক্ষত রয়েছে। কোনো ট্যাংকে পানি প্রবেশ করেনি এবং জাহাজ থেকে কোনো ধরনের তেল নিঃসরণের ঘটনাও ঘটেনি।
তবে সংঘর্ষে ট্যাংকারটির ইঞ্জিন রুমের পোর্ট কোয়ার্টারে আনুমানিক এক বর্গমিটার ফাটল তৈরি হয়েছে। ওই ফাটল দিয়ে পানি প্রবেশ করায় সাময়িকভাবে জাহাজটির বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। এ অবস্থায় ইমার্জেন্সি ব্যাটারির মাধ্যমে জাহাজের ভিএইচএফ যোগাযোগ ব্যবস্থা সচল রাখা হয়েছে।
জাহাজটিকে স্থিতিশীল রাখতে দুটি নোঙ্গরের প্রতিটিতে ১০ শ্যাকেল করে ক্যাবল ছেড়ে দেওয়া হয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জোয়ার-ভাটার হিসাব অনুযায়ী ভাটার সময়ও জাহাজটি নিরাপদে ভেসে থাকবে।
ঘটনার পরপরই উদ্ধার ও জরুরি কার্যক্রম শুরু করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের টাগবোট কান্ডারী-৮ ইতোমধ্যে দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।
এ ছাড়া দ্রুততম সময়ে ট্যাংকারে থাকা জ্বালানি তেল খালাসের জন্য শিপিং এজেন্ট প্রাইড শিপিংকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জাহাজটির ফাটল মেরামত ও উদ্ধারের জন্য স্যালভেজ কোম্পানিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
জাহাজটির মাস্টারের সঙ্গেও সার্বক্ষণিক ভিএইচএফ যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
বন্দর কর্তৃপক্ষ বলেছে, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। দুর্ঘটনার কারণে বন্দর চ্যানেলে জাহাজ চলাচলও স্বাভাবিক রয়েছে। বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তী সময়ে তা জানানো হবে।
—জা.অর্থনীতি/আরএস