হোটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: জাতীয় অর্থনীতি

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার একটি আবাসিক হোটেল থেকে আতাউল কবির নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আতাউল টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় শহরের ‘ঢাকা হোটেল’-এর ৪০১ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আতাউল কবিরের বাড়ি পিরোজপুরের নেছারাবাদ উপজেলায়।

পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে হোটেলটির একটি কক্ষে ওঠেন আতাউল। শুক্রবার তার কোনো সাড়া-শব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ওসি জানান, পুলিশ সদস্যের মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

—জা. অর্থনীতি/এলএটি