প্রবাসীর ছেলেকে গুলি, শিশুর মাথায় পিস্তল ঠেকিয়ে ডাকাতি
ছবি: জাতীয় অর্থনীতি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় এক মালয়েশিয়া প্রবাসীর বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় প্রাবাসীর ছেলে নাইমকে মাথায় আঘাত ও বাম পায়ে গুলি করে সশস্ত্র ডাকাত দল। কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) ইলিয়াস তালুকদার এই তথ্য নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট)  দিবাগত রাত ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে প্রবাসী মো. মঈনের বাসায় ডাকাত দল এই তাণ্ডব চালায়।

ডাকাতেরা ঘরের আলমারি ও ড্রয়ার ভেঙে তছনছ করে এবং দুই বছরের শিশু তাসফির মাথায় পিস্তল ঠেকিয়ে ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, রাতের আঁধারে ঘরের জানালার গ্রিল কেটে ডাকাত দল প্রবেশ করে। এ সময় বিদ্যুৎ না থাকায় ডাকাতরা নির্বিঘ্নে মালামাল লুট করে পালিয়ে যায়। এতে বাধা দিলে প্রবাসীর ছেলে নাইমকে আঘাত ও গুলি করার পাশাপাশি তার স্ত্রী রুমা বেগম ও পুত্রবধূ রেজবীকে মারধর করা হয়।

এদিকে ডাকাতের মারধর ও গুলিতে রক্তাক্ত নাইম, তার মা ও স্ত্রীকে ভোররাতে স্থানীয় লোকজন উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে অবস্থার অবনতি ঘটলে তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

শুক্রবার সকালে কলাপাড়া থানা পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আলামত ও গুলি সংগ্রহ করেছে। পরিদর্শক (তদন্ত) ইলিয়াস তালুকদার জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এ ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।

—জা. অর্থনীতি/এলএটি