নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ফল আমদানির ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে ১০০ শতাংশ নগদ মার্জিন রাখার বাধ্যবাধকতা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ফল আমদানির এলসি খোলার ক্ষেত্রে নগদ মার্জিন নির্ধারণ করা যাবে।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে।
এর আগে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশের বৈদেশিক মুদ্রা ও ঋণ ব্যবস্থাপনা সুসংহত রাখতে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর জারি করা সার্কুলার লেটারে কিছু বিলাসজাতীয় ও আমদানি বিকল্প পণ্যের পাশাপাশি ফল আমদানির এলসি খোলার ক্ষেত্রে ১০০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছিল।
বাংলাদেশ ব্যাংক বলছে, বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ও লেনদেনে কাঙ্ক্ষিত স্থিতিশীলতার উন্নতি হওয়ায় ফল আমদানিতে শতভাগ নগদ মার্জিন রাখার প্রয়োজনীয়তা কমেছে। একই সঙ্গে জনস্বাস্থ্য ও পুষ্টির চাহিদা বিবেচনায় ফলের আমদানি সহজীকরণ এবং বাজারে প্রতিযোগিতার মাধ্যমে সরবরাহ ও দাম সহনীয় পর্যায়ে রাখার বিষয়টিও বিবেচনা করা হয়েছে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, ফল আমদানির এলসি খোলার ক্ষেত্রে ১০০ শতাংশের পরিবর্তে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নগদ মার্জিনের হার নির্ধারণ করতে হবে।
তবে ২০২৪ সালের ওই সার্কুলার এবং পরবর্তী সময়ে জারি করা সংশ্লিষ্ট সার্কুলার লেটারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
—জা.অর্থনীতি/আরএস
