নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে অটোরিকশা নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ করিম। পাশাপাশি চাঁদাবাজি কঠোরভাবে দমনের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
রোববার (১৬ আগস্ট) রাজধানীর ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) মতিঝিল কার্যালয়ে স্থানীয় ব্যবসা-বাণিজ্য, আইন শৃঙ্খলা, যানজট পরিস্থিতির উন্নয়ন ও ট্রেড লাইসেন্স সেবা শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ডিসিসিআই ও দক্ষিণ সিটি কর্পোরেশন যৌথভাবে এই সভার আয়োজন করে। সভায় লাইসেন্স নবায়ন সেবা সপ্তাহের উদ্বোধন ও নবায়নকৃত ট্রেড লাইসেন্স বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিরক্ত পুলিশ কমিশনার মাসুদ করিম বলেন, যন্ত্রচালিত অটোরিকশা নিয়ন্ত্রণের চেষ্টা চলছে৷ নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এ সমস্যার স্থায়ী সমাধানের চেষ্টা করা হচ্ছে৷ এ ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ে অত্যন্ত আন্তরিক। যানজট নিরসনেও চেষ্টা চলছে।
তিনি বলেন, যানজট নিরসনে ট্র্যাফিক ক্যামেরাগুলো সচল করা হবে। আমরা ক্যামেরাগুলো সচল করতে চাই। ঢাকাকে একটি নিরাপদ ঢাকা করা চেষ্টা চলছে। পরিবর্তন হচ্ছে, ছোট ছোট পরিবর্তনগুলো মিলে বড় পরিবর্তন এক সময় আপনাদের চোখে পড়বে।
মাসুদ করিম আরও বলেন, চাঁদাবাজির বিষয়গুলোকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমাদের যারা পুলিশ রয়েছে, তাদের বলেছি চাঁদাবাজির বিষয়গুলোকে অত্যন্ত কঠোর হস্তে দমন করতে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম। এতে স্বাগত বক্তব্য রাখেন ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ। আরও বক্তব্য দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ করিম ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান প্রমুখ।
—জা.অর্থনীতি/আরএস
