বিয়ের প্রলোভনে টাকা আত্মসাতের অভিযোগ
ছবি: জাতীয় অর্থনীতি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে ৫ থেকে ৬ লাখ টাকা হাতিয়ে নেওয়া, বিয়ে করতে অস্বীকৃতি এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে রবিন মিয়া (২৬) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভূক্তভোগী স্মৃতি আক্তার (২৭) ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভালুকা মডেল থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী তার লিখিত অভিযোগে রবিন মিয়ার বিরুদ্ধে প্রতারণা ও হুমকির বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন। স্বামী বিদেশে থাকার সুযোগে একই প্রতিষ্ঠানে চাকরির সুবাদে রবিন তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং গত দুই বছরে বিয়ের প্রলোভন দেখিয়ে কয়েক দফায় আনুমানিক ৫ থেকে ৬ লাখ টাকা নেন বলে স্মৃতির দাবি।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিষয়টি স্মৃতির স্বামী জানতে পেরে যোগাযোগ বন্ধ করে দিলে তিনি রবিনকে বিয়ের জন্য চাপ দেন। কিন্তু রবিন বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং গত ১৪ আগস্ট রাতে মুঠোফোনে তাকে গালাগালসহ খুন-জখমের হুমকি দেন। পরে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় তিনি আইনি প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগের বিষয়ে রবিন মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সরাসরি কথা বলবেন বলে জানান, তবে পরে স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। 

ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মশিউর জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাটির তদন্ত চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

—জা. অর্থনীতি/এলএটি