ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান বলেছেন, শিক্ষা শুধু শ্রেণিকক্ষ ও সনদে সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের গবেষণা ও জীবনমুখী দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জনসম্পদে রূপান্তরের ওপর জোর দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম শক্তিশালী ও জবাবদিহিমূলক করতে শিক্ষক-শিক্ষার্থীদের যৌথভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি। শিক্ষার্থীদের হাতে-কলমে কাজের সুযোগ তৈরিতে আগামী মাসের শুরুতেই বিভিন্ন শিল্প-প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একটি সংযোগমূলক (ইন্ডাস্ট্রি-ইউনিভার্সিটি কোলাবোরেশন) অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত "Intellectual Property (IP) Management and Research Commercialization" শীর্ষক দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, এই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা প্রক্রিয়া ডিজিটালাইজড ও সুসংগঠিত করতে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে কুয়েট। এই যৌথ উদ্যোগের মাধ্যমে পরীক্ষার ফলাফল প্রস্তুতকরণ দ্রুত হবে এবং শিক্ষার্থীদের সেবার ক্ষেত্রে একটি ইতিবাচক পরিবর্তন আসবে।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী। এতে রিসোর্স পারসন হিসেবে মূল বক্তব্য ও প্রশিক্ষণ প্রদান করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।
HEAT উপ-প্রকল্পের সাব-প্রজেক্ট ম্যানেজার এবং ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী সাব-প্রজেক্ট ম্যানেজার অধ্যাপক ড. কাজী মোস্তফা আরিফ।
পরে অনুষ্ঠিত টেকনিক্যাল সেশনে গবেষণা থেকে বাজারজাতকরণ (রিসার্চ টু মার্কেট) পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়া নিয়ে একটি স্পষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও গবেষকবৃন্দ অংশ নেন।
উল্লেখ্য, Education Acceleration and Transformation (HEAT) প্রকল্পের উপ-প্রকল্প "Establishing Research Coordination and Technology Transfer Office (RCTTO)"-এর অধীনে এই কর্মশালা সম্পন্ন হয়।
—জা. অর্থনীতি/এলএটি
