সাতক্ষীরায় প্রতি ৪ জনে একজন জলবায়ু উদ্বাস্তু, সুরক্ষায় ৮ দফা দাবি
ছবি: জাতীয় অর্থনীতি

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা পৌর শহরের প্রতি চারজন বাসিন্দার একজনই জলবায়ু উদ্বাস্তু ও নিম্ন আয়ের বস্তিবাসী। নদীভাঙন, ঘূর্ণিঝড় ও লবণাক্ততায় নিঃস্ব হয়ে শহরে আশ্রয় নেওয়া এই জনগোষ্ঠীর আবাসন সংকট নিরসন ও জলবায়ু দুর্যোগ থেকে সুরক্ষায় ৮ দফা দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে শহরের ম্যানগ্রোভ সভাঘরে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) আয়োজিত ‘সাতক্ষীরার নিম্ন আয়ের ভূমিহীন বস্তিবাসীর আবাসন সংকট সমাধানে করণীয়’ শীর্ষক এক নাগরিক সংলাপে এসব দাবি তুলে ধরা হয়। 

গ্রীন কোয়ালিশনের সভাপতি আবু আফফান রোজ বাবুর সভাপতিত্বে সংলাপে ধারণাপত্র উপস্থাপন করেন বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান।

ধারণাপত্রে বলা হয়, বর্তমানে শহরের দুই লাখ জনসংখ্যার মধ্যে প্রায় ৫০ হাজার মানুষ জলবায়ু উদ্বাস্তু হয়ে মানবেতর জীবনযাপন করছেন। সম্প্রতি কোনো পুনর্বাসন ছাড়াই ইটাগাছা বস্তির ১০৪টি পরিবারকে উচ্ছেদ করা হয়। সংলাপে নাগরিক নেতারা উচ্ছেদকৃত পরিবারসহ বস্তিবাসীর দুর্যোগসহনশীল আবাসন, জলাবদ্ধতা দূরীকরণ, ভর্তুকিতে সুপেয় পানি ও বিদ্যুৎ সরবরাহ, বিনামূল্যে শিক্ষা-চিকিৎসা প্রদান এবং বিকল্প ব্যবস্থা ছাড়া উচ্ছেদ বন্ধ রাখার দাবি জানান।

—জা. অর্থনীতি/এলএটি