তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: প্লাস্টিক পণ্যের দাপট ও আধুনিকতার ছোঁয়ায় কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ-বেত শিল্প। প্রয়োজনীয় চাহিদা ও বাজার না থাকায় আয় হারিয়ে বিপাকে পড়েছেন স্থানীয় কারিগররা। এই গ্রামীণ ঐতিহ্য টিকিয়ে রাখতে সরকারের পক্ষ থেকে ক্ষুদ্রঋণ, আধুনিক প্রশিক্ষণ ও বাজার সংযোগের সহায়তা চেয়েছেন তারা।
সরেজমিনে বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, হাতে গোনা কয়েকটি পরিবার ছাড়া অধিকাংশ কারিগরই পেশা বদলে দিনমজুর বা অন্য ব্যবসায় যুক্ত হয়েছেন। স্থানীয় প্রবীণ কারিগর আব্দুল গফুর ও মজনু মিয়া জানান, কাঁচামালের দাম বৃদ্ধি এবং প্লাস্টিক সামগ্রীর ব্যবহারের কারণে বাজারে বাঁশ-বেতের পণ্যের কদর কমেছে। উপযুক্ত আয় না থাকায় তরুণ প্রজন্মও এই পেশায় আগ্রহ হারাচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিল্পকলা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) তানজিলা আখতার জানান, স্থানীয় হস্তশিল্পের তালিকা তৈরির কাজ চলছে এবং ভবিষ্যতে কারিগরদের জন্য প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার পরিকল্পনা রয়েছে। সঠিক সরকারি পৃষ্ঠপোষকতা ও টেকসই উদ্যোগ পেলে তাড়াইলের এই ঐতিহ্য আবার ঘুরে দাঁড়াবে বলে মনে করছেন বিজ্ঞ মহল।
—জা. অর্থনীতি/এলএটি
