স্পোর্টস ডেস্ক: ডারউনে অস্ট্রেলিয়াকে নয় উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এবার লক্ষ্য ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ নিজেদের করে নেওয়া। ২২ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই ম্যাচের আগে বাংলাদেশ দল ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে।
প্রথম টেস্টের সাফল্য আত্মবিশ্বাস বাড়ালেও দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া আরও শক্তভাবে ফিরবে এমনটাই মনে করছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। তাই তার পরিকল্পনায় গুরুত্ব পাচ্ছে দীর্ঘ সময় ব্যাটিং করে প্রতিপক্ষকে চাপে রাখা।
সিমন্সের লক্ষ্য, প্রথম ইনিংসে অন্তত ১১০ ওভার ব্যাট করা এবং বড় স্কোর গড়া।
তার মতে, বাংলাদেশ যদি দীর্ঘ সময় ব্যাট করতে পারে, তাহলে অস্ট্রেলিয়ার ওপর স্বাভাবিকভাবেই চাপ তৈরি হবে। প্রথম ইনিংসে বড় রান তুলে প্রতিপক্ষকে সেই স্কোরে পৌঁছাতে কঠিন পরীক্ষার মুখে ফেলতে চান তিনি।
এদিকে চোট কাটিয়ে ফিট হয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তবে প্রথম টেস্টে সব পেসাররা ছন্দে থাকায় তার দলে অন্তর্ভুক্তি নিয়ে খানিকটা শঙ্কা আছে। কারণ শরিফুলকে দলে নিতে হলে একজন ব্যাটার কম খেলাতে হবে। সিমন্স জানিয়েছেন, শরিফুলকে খেলানোর সিদ্ধান্ত ম্যাচের আগের দিন নেওয়া হবে।
ম্যাকাইয়ের উইকেট নিয়েও আশাবাদী বাংলাদেশ কোচ। তার মতে, উইকেটে কিছুটা ঘাস রয়েছে এবং এটি শক্ত ও ভালো টেস্ট উইকেট। ফলে ব্যাটাররা সঠিকভাবে ব্যাট করতে পারলে রান করার সুযোগ পাবেন।
ডারউন থেকে ম্যাকাইয়ে দীর্ঘ ভ্রমণ ও ফ্লাইট বিলম্ব হওয়ায় কিছুটা ভোগান্তি হয়েছে দলের। তবে, এগুলো নিয়ে বেশি ভাবছেন না কোচ। তার কাছে কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দল নিরাপদে গন্তব্যে পৌঁছেছে এবং এখন দ্বিতীয় টেস্টের জন্য প্রস্তুত।
—জা.অর্থনীতি/এসআরএস