মেহেরপুর প্রতিনিধি: লাইসেন্স না থাকা, নোংরা পরিবেশে খাবার তৈরি এবং পোলাও ও বিরিয়ানিতে নিষিদ্ধ কেওড়া জল ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট ব্যবহারের দায়ে মেহেরপুরের ৩টি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে যৌথ অভিযানিক দল।
রোববার (২৩ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর যৌথভাবে শহরের বিভিন্ন খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে ঢাকা কাচ্চি ঘরের স্বত্বাধিকারী সালাম হাওলাদারকে খাদ্যে ক্ষতিকর কেওড়া জল ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট মেশানোর দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে জোসনা বেকারি অ্যান্ড কনফেকশনারীর মালিক মিলন হোসেনকে ৩০ হাজার টাকা এবং আল বারাকা লাইভ বেকারির মালিক সাব্বির ও রুবেল হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুরের সহকারী পরিচালক মামুনুল হাসান ও নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ক্যাব নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা।
—জা. অর্থনীতি/এলএটি
