তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইলে বিয়ের প্রলোভনে অর্থ আত্মসাৎ ও মানসিক নির্যাতনের শিকার হয়ে তানিম নামের এক টাইলস মিস্ত্রি বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মৃত্যুর আগে লেখা এক চিরকুটে তিনি তার প্রেমিকা মারজানা ইসলাম আনিকা ও তার পরিবারকে দায়ী করে গেছেন বলে দাবি পরিবারের।
মামলার বিবরণ সূত্রে জানা গেছে, তাড়াইল উপজেলার নন্দীপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে তানিমের সঙ্গে দড়িজাহাঙ্গীরপুর গ্রামের আনিকার প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রলোভন দেখিয়ে আনিকার পরিবার তানিমের কাছ থেকে ৮ লাখ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে বিয়ে ও টাকা ফেরত দেওয়া নিয়ে টালবাহানা শুরু করলে তানিম থানায় অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে আনিকার পরিবার তাঁকে মোবাইল ফোনে হুমকি দিতে থাকে।
এ ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গত ৪ আগস্ট রাতে বিষপান করেন তানিম। প্রথমে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এই ঘটনায় গত ২০ আগস্ট তানিমের পরিবারের পক্ষ থেকে আনিকাসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে একটি মামলা (নং-৩১৭) দায়ের করা হয়। আদালত মামলাটি তদন্তের জন্য সিআইডিতে পাঠিয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে ন্যায়বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন তানিমের মা। অন্যদিকে, আসামিরা মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন তানিমের ভগ্নিপতি সজল মিয়া। ঘটনার পর থেকে অভিযুক্ত আসামিরা পলাতক থাকায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
—জা. অর্থনীতি/এলএটি