সুনামগঞ্জে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
ছবি: জাতীয় অর্থনীতি

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জের ডাবর পয়েন্টের সেচনী এলাকায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ উজ্জ্বল হোসেন (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন। 

সোমবার (২৪ আগস্ট) সকালে শান্তিগঞ্জ উপজেলার জগন্নাথপুর–সুনামগঞ্জ সড়কের ডাবর পয়েন্টের সেচনী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা উজ্জ্বল হোসেন ঘটনাস্থলেই নিহত হন।

স্থানীয়রাদের বরাত দিয়ে পুলিশ জানান, সকালে জগন্নাথপুর থেকে সুনামগঞ্জের দিকে আসার পথে জগন্নাথপুর–সুনামগঞ্জ সড়কের ডাবর পয়েন্টস্থ সেচনী এলাকায় মোটরসাইকেলটির ঢাকাগামী বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই উজ্জ্বলের মৃত্যু হয়। তবে দুর্ঘটনার সঠিক কারণ, বাসটির পরিচয় ও চালকের বিষয়ে তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া যায়নি। 

নিহত উজ্জ্বল হোসেন জামালগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি জামালগঞ্জ ব্লাড ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার কারণে স্থানীয়ভাবে তিনি পরিচিত ছিলেন।

ওসি জানালেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিয়ে হচ্ছে বলে জানান।

—জা. অর্থনীতি/এলএটি