আইফোন কিনতে বিক্রি করা শিশু উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর
ছবি: সংগৃহীত

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনায় আইফোন কেনার জন্য বাবার হাতে এক লাখ টাকায় বিক্রি হয়ে যাওয়া দেড় বছরের শিশুপুত্র মুসাকে অবশেষে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর শিশুটিকে তার দাদা-দাদির জিম্মায় হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন। একই সাথে শিশুটির বাবা ও ক্রেতার কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

গত সোমবার (৩১ আগস্ট) রাত ১২টার দিকে পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। 

পরবর্তীতে দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসানের উপস্থিতিতে শিশু মুসাকে তার দাদা মফিজ মুন্সী ও দাদি মাহফুজা বেগমের কাছে আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হয়।

ঘটনার বিবরণী থেকে জানা যায়, উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের কাঠমিস্ত্রি মারুফ মুন্সীর সঙ্গে পারিবারিক কলহের জেরে তার স্ত্রী এক মাস আগে বাবার বাড়িতে চলে যান। এরপর গত শনিবার (২৯ আগস্ট) সকালে দেড় বছরের শিশু মুসাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন মারুফ। পরে আলীপুর ইউনিয়নের রোমানাথসেন গ্রামের ইমরান হোসেনের কাছে এক লাখ টাকার বিনিময়ে লিখিত চুক্তিতে শিশুটিকে বিক্রি করে দেওয়া হয় এবং সেই টাকা দিয়ে আইফোন কেনার অভিযোগ ওঠে। ঘটনাটি প্রকাশ পেলে পুরো এলাকায় চরম আলোড়ন তৈরি হয়।

শিশুটি উদ্ধারের পর দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, শিশুটিকে উদ্ধার করে তার দাদা-দাদির জিম্মায় নিরাপদে ফিরিয়ে দেওয়া হয়েছে। শিশুটির ভবিষ্যৎ সুরক্ষার বিষয়টি বিবেচনায় রেখে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার নামে একটি ব্যাংক হিসাব খোলাসহ প্রয়োজনীয় নানা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

—জা. অর্থনীতি/এলএটি