কৃষকদের জন্য বরাদ্দের সার অতিরিক্ত দামে বিক্রি, ২ ডিলারকে জরিমানা
ছবি: জাতীয় অর্থনীতি

জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অতিরিক্ত দামে বিক্রি ও বিক্রয় ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে দুই সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার চরপুটিমারি ইউনিয়নের বেনুয়ারচর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়েরের নেতৃত্বে পরিচালিত অভিযানে মেসার্স মা ট্রেডার্স ও মেসার্স আমজাদ ট্রেডার্সের সংশ্লিষ্টদের জরিমানা করা হয়।

মড়ার উপর খাঁড়ার ঘা, ত্রিমুখী চাপে নীলফামারীর কৃষক

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষকদের জন্য নির্ধারিত সার নিয়মবহির্ভূতভাবে বেশি দামে বিক্রি করা হচ্ছিল- এমন অভিযোগের ভিত্তিতে বেনুয়ারচর বাজারে বিসিআইসি সার ডিলারদের বিক্রয়কেন্দ্র ও গুদামে অভিযান চালানো হয়।

অভিযানে সার বিক্রয়ে বিভিন্ন অনিয়মের পাশাপাশি বিক্রয় রেজিস্টারের সঙ্গে রশিদের অসামঞ্জস্য, রশিদ ছাড়া সার বিক্রি এবং গুদামে থাকা সারের মজুদের সঙ্গে রেজিস্টারে উল্লেখ করা মজুদের অমিল পাওয়া যায়। এছাড়া কৃষকদের সঙ্গে অসদাচরণের অভিযোগও উঠে আসে। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট দুই ডিলারকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের বলেন, অনিয়মের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট ডিলারদের জরিমানা করা হয়েছে।

পুকুর ও কৃষিজমিতে ভূগর্ভের পানি, খাবার পানির সংকটের শঙ্কা

তিনি আরও বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় সার বিক্রিতে অনিয়ম, মজুতদারি ও কালোবাজারির বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আহম্মেদসহ কৃষি বিভাগ ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

—জা. অর্থনীতি/এনজে