গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিদেশি নাগরিক বাংলাদেশের গৃহবধূ মাহতুফা ইউলিপ(৫০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাদুল্লাপুর থানার চলতি দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ ও উপপরিদর্শক (এসআই)আবু তালেব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২ টায় উপজেলার নলডাঙ্গা বাজারস্থ নিজস্ব সিঙ্গাপুর মার্কেটের তিনতলা ভবনের শয়ন ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত নারী সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী মিজানুর রহমান মিজানের স্ত্রী।
এর আগে রোববার রাত ১১টায় নিজের শয়ন ঘরে সে মারা যান। তবে ওই নারী বাংলাদেশের গৃহবধূ হলেও তার নাগরিকত্ব ছিল ইন্দোনেশিয়ার। তাদের দাম্পত্যে জীবনে ৭ ও ১০ বছরের দুটি ছেলে সন্তান রয়েছে।
মৃতের স্বামীর বড় ভাই রফিকুল ইসলাম জানান, আমার ছোট ভাইয়ের স্ত্রী মাহতুফা ইউলিফ বেশ কিছুদিন থেকে হৃদরোগসহ নানা ধরনের রোগে ভুগছিলেন। কয়েকদিন আগে তাকে রংপুরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। তার স্বাভাবিক মৃত্যু হলেও বিদেশি নাগরিক হওয়ায় ঘটনাটি সাদুল্লাপুর থানা পুলিশ কে অবগত করা হয়। খবর পেয়ে পরেরদিন সোমবার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ময়না তদন্তের জন্য তার মরদেহ থানায় নিয়ে যায়।
এসআই বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ইতোমধ্যে লাশের সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য একসময় স্বামী মিজানুর রহমান ও স্ত্রী মাহতুফা ইউলিপ সিঙ্গাপুরে একসাথে চাকুরি করতেন। সেই সুবাদে দুজনার মধ্যে পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে প্রেমসূত্রে আনুমানিক ১৫-১৬ বছর আগে রেজিষ্ট্রিমুলে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে বেশ সুখেই ঘর সংসার করে আসছিলেন। তবে এই মৃত্যুর ঘটনায় স্বামীর পরিবার কিংবা স্ত্রীর পরিবারের কোন দাবি নেই বলে জানা গেছে।
—জা. অর্থনীতি/এলএটি