পাউবো কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
ছবি: জাতীয় অর্থনীতি

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা-কর্মচারীদের বিরোধের জেরে উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসানের দায়ের করা মামলা ও হামলার অভিযোগকে 'মিথ্যা ও বানোয়াট' দাবি করে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন কিশোরগঞ্জ শাখা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কিশোরগঞ্জ পানি উন্নয়ন বিভাগের সিবিএ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের নেতৃবৃন্দ জানান, কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডে সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে তারা দীর্ঘদিন ধরে সুসম্পর্ক বজায় রেখে পেশাগত দায়িত্ব পালন করছেন। তবে সম্প্রতি তাদের সংগঠনের কিশোরগঞ্জ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মূল নেতাদের বিরুদ্ধে অসত্য চাঁদা দাবি ও হামলার মনগড়া অভিযোগ আনা হয়েছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।

সংগঠনের জেলা সভাপতি শোয়েব আহম্মদ অভিযোগ করে বলেন, "উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে উসকানিমূলক, কটূক্তিপূর্ণ ও অশালীন পোস্ট দিয়ে আসছিলেন। তাকে এ বিষয়ে একাধিকবার মৌখিকভাবে সতর্ক করা হলেও তিনি ক্ষান্ত হননি। পেশাজীবী সংগঠন হিসেবে চাঁদা দাবি বা হামলার সাথে আমরা যুক্ত নই। এমনকি ৫ আগস্টের পর আমাদের কেন্দ্রীয় কোনো নেতা কিশোরগঞ্জ সফর করেননি, অথচ মিথ্যা ঘটনা সাজিয়ে আমাদের নেতাদের নামে মামলা দেওয়া হয়েছে।"

সংবাদ সম্মেলন থেকে পাউবো নেতারা অভিযোগ তোলেন যে, মাহমুদুল হাসানসহ কয়েকজন উপ-সহকারী প্রকৌশলী একই কর্মস্থলে বছরের পর বছর সরকারি নিয়ম না মেনে বহাল রয়েছেন। তাদের বিষয়ে নিয়ম অনুযায়ী প্রশাসনিক পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা। একই সঙ্গে পাউবো কর্মকর্তার এমন মনগড়া অভিযোগ ও দায়ের করা মিথ্যা মামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানানো হয়।  

—জা. অর্থনীতি/এলএটি