কুড়িগ্রাম প্রতিনিধি: নদ-নদী ও জলজ জীববৈচিত্র্য রক্ষার বার্তা নিয়ে কুড়িগ্রামে ধরলা নদীতে বিভিন্ন প্রজাতির দেশি মাছের পোনা অবমুক্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুড়িগ্রাম জেলা শাখা। বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের ধরলা সেতু এলাকায় ধরলা নদীতে এ পোনা অবমুক্ত করা হয়।
অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সদস্য সচিব ও জেলা পরিষদ চেয়ারম্যান সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক এবং আশরাফুল হক রুবেল। এ ছাড়া জেলা মৎস্যজীবী দলের সভাপতি আজাদুন্নবী শামীম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মহুবর, জেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল হক বিপুল ও সাধারণ সম্পাদক সোহেল রানাসহ বিএনপি ও এর সহযোগী অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর গতানুগতিক রাজনৈতিক ভাবমূর্তির বাইরে গিয়ে নদ-নদীতে দেশীয় মাছের বংশবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষায় পোনা অবমুক্ত করার এমন অভিনব আয়োজনকে স্থানীয় সচেতন মহল অত্যন্ত ইতিবাচক ও পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে দেখছেন।
—জা. অর্থনীতি/এলএটি
