অনলাইন ডেস্ক: ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এটি কোনো স্লোগান নয়, বরং রপ্তানি, বিনিয়োগ ও আর্থিক শৃঙ্খলার মাধ্যমে বাস্তবায়নের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা।
বৃহস্পতিবার (৩ সেপ্টম্বর) সচিবালয়ে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে ইসলামি উন্নয়ন ব্যাংকের (আইএসডিবি) অর্থায়ন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার বাংলাদেশকে একটি উৎপাদনকেন্দ্র এবং এ অঞ্চলের প্রবেশদ্বারে পরিণত করতে চায়। তৈরি পোশাকের পর ইলেকট্রনিকস, ওষুধ, হালকা প্রকৌশল ও সবুজ শিল্পকে প্রবৃদ্ধির নতুন চালিকাশক্তি হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ সরকার ও আইএসডিবির মধ্যে ইআরএল আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে ১ হাজার ৪.২৯ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়। প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের পরিশোধন ক্ষমতা বর্তমান ১.৫ মিলিয়ন মেট্রিক টন থেকে বেড়ে ৪.৫ মিলিয়ন মেট্রিক টনে উন্নীত হবে। একই সঙ্গে ইউরো-৫ মানের পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন বাড়বে এবং পরিশোধিত জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমবে।
তারেক রহমান বলেন, ভূরাজনৈতিক সংঘাত, সরবরাহব্যবস্থায় বিঘ্ন, জ্বালানি ও খাদ্যনিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং প্রযুক্তিগত রূপান্তরের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক অংশীদারত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বাংলাদেশের উন্নয়ন অর্থায়নে আইএসডিবির ভূমিকার প্রশংসা করে তিনি ভবিষ্যতে আরও উদ্ভাবনী ও ফলাফলভিত্তিক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।
জা.অর্থনীতি/এসআই
