আন্তর্জাতিক ডেস্ক: গ্রিসের রাজধানী এথেন্সের উত্তরে একটি বার্ষিক বিমান প্রদর্শনীতে (এয়ার শো) হেলেনিক এয়ার ফোর্সের একটি এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) তানাগ্রা এয়ার ফোর্স ঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় সেখানে হাজারো দর্শক উপস্থিত ছিলেন। তবে তাদের কেউ আহত হননি।
গ্রিক বিমানবাহিনী জানিয়েছে, দুই আসনের এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমানটি এয়ার শোর অংশ হিসেবে নিচু উচ্চতায় একটি কৌশলী উড্ডয়ন প্রদর্শন করছিল। একপর্যায়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে। সংঘর্ষের পর সেখানে আগুন ধরে যায় এবং আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।
দুর্ঘটনার পর আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে ব্যাপক উদ্ধার তৎপরতা শুরু হয়। প্রাথমিক পর্যায়ে আগুনের কারণে উদ্ধারকাজ ব্যাহত হলেও পরে ঘটনাস্থল থেকে দুই পাইলটের মরদেহ উদ্ধার করা হয়। আগুন নিয়ন্ত্রণে ৮৫ জন দমকলকর্মীর সঙ্গে ১১টি পানি ছোড়ার বিমান ও হেলিকপ্টার কাজ করে।
দুর্ঘটনার পর এথেন্স ফ্লাইং উইকের বাকি সব আয়োজন বাতিল করা হয়। একই সঙ্গে ঘাঁটির আশপাশের একটি এলাকায় নিরাপত্তার কারণে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস। তিনি নিহত পাইলটদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, দেশের আকাশসীমা সুরক্ষায় গ্রিক বিমানসেনাদের প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করতে হয়।
দুর্ঘটনার পর হেলেনিক এয়ার ফোর্স তিন দিনের শোক ঘোষণা করেছে। সাইপ্রাসের প্রতিরক্ষামন্ত্রী ভাসিলিস পালমাসও গ্রিসের প্রতিরক্ষামন্ত্রী নিকোস দেনদিয়াসকে ফোন করে নিহত দুই পাইলটের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সূত্র: এপি
জা.অর্থনীতি/এসআই
