র‍্যাব পরিচয়ে ছিনতাই: ডামি সরঞ্জামসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিট মহাসড়কে র‍্যাবের ভুয়া পরিচয় দিয়ে মোটরসাইকেল আরোহীদের অপহরণ ও ছিনতাইয়ের অভিযোগে এক সাবেক সেনা কর্মকর্তাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে খিলক্ষেত থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া একটি মোটরসাইকেল, আইফোন ও অপরাধে ব্যবহৃত প্রাইভেটকারসহ বিপুল পরিমাণ অস্ত্র সদৃশ ডামি সরঞ্জাম।

গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি টয়োটা প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৯-৬৯৪২), ৫টি ডামি পিস্তল, ৪টি ডামি ম্যাগাজিন, ৩টি পিস্তলের কাভার, ইলেকট্রিক শক মেশিন, স্টিলের বাটন ও ধারালো চাকু উদ্ধার করা হয়। এছাড়া ছিনতাই হওয়া একটি এপাচি ফোরভি মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল-৩০-৮৮২৯) ও একটি আইফোন ১৩ প্রো ম্যাক্স উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে কুমিল্লার মুরাদনগরের বাসিন্দা মো. শাওন হোসেন (২০) তার তিন বন্ধুকে নিয়ে দুটি মোটরসাইকেলে ৩০০ ফিট মহাসড়কে ঘুরতে বের হন। খিলক্ষেতের স্বদেশ প্রোপার্টিজের সামনে ২ নম্বর সেতুর নিচে তারা ছবি তোলার সময় একটি রুপালি রঙের টয়োটা প্রাইভেটকার এসে তাদের গতিরোধ করে। গাড়ি থেকে নেমে ৩-৪ জন ব্যক্তি নিজেদের র‍্যাব সদস্য পরিচয় দিয়ে কাগজপত্র ও মোটরসাইকেলের চাবি দাবি করে।

বিষয়টি সন্দেহজনক মনে হলে শাওন ও তার বন্ধুরা চাবি দিতে অস্বীকৃতি জানান। এতে অভিযুক্তরা জোরপূর্বক তাদের মারধর করে প্রাইভেটকারে তুলে নেয়। পরে নির্জন স্থানে নিয়ে পিস্তল উঁচিয়ে ভীতি প্রদর্শন করে তাদের সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এক ঘণ্টা ধরে মহাসড়কে ঘুরানোর পর পিংক সিটির গেটের সামনে তাদের নামিয়ে দেওয়া হয়।

এ সময় শাওন বুদ্ধিমত্তা ও সাহসিকতার পরিচয় দিয়ে অভিযুক্তদের প্রাইভেটকারের চাবি টান দিয়ে নিয়ে দৌড়ে স্বদেশ চত্বরে থাকা টহল পুলিশের কাছে পৌঁছান। অন্যদিকে, আসামিরা তার বন্ধু রাহাতকে পিস্তলের বাঁট দিয়ে মাথায় আঘাত করে আহত করে। পুলিশের কাছে শাওন ঘটনাটি জানালে খিলক্ষেত থানা পুলিশ অবিলম্বে উদ্ধার অভিযানে নামে।

প্রাথমিকভাবে ঘটনাস্থলে ফেলে যাওয়া প্রাইভেটকার জব্দ করে তল্লাশি চালানো হয়। গাড়ির ভেতর থেকে দুটি হেলমেট, ইলেকট্রিক শক মেশিন, স্টিলের বাটন, সানগ্লাস ও কটি উদ্ধার করা হয়। এরপর গাড়ির কাগজপত্র ও প্রযুক্তিগত সহায়তায় ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে বরুয়া এলাকা থেকে সাবেক সেনা কর্মকর্তা পরিচয় দেওয়া এক আসামিকে একটি ডামি পিস্তলসহ গ্রেপ্তার করা হয়।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে পল্লবীর একটি ভবনে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া এপাচি ফোরভি মোটরসাইকেল, আইফোন এবং বাকি ৪টি ডামি পিস্তলসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। রাত সাড়ে ১১টার দিকে পল্লবীর ডি-ব্লক এলাকা থেকে চক্রের অন্য দুই সদস্যকেও পুলিশ গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে পল্লবীসহ ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনারের তত্ত্বাবধানে ও খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশনায় এসআই মো. শামীম হকের নেতৃত্বে পুলিশি দলটি এ সফল অভিযান পরিচালনা করে।

এ ঘটনায় ভুক্তভোগী শাওন হোসেনের অভিযোগে গত ৬ সেপ্টেম্বর খিলক্ষেত থানায় দণ্ডবিধির ১৭০ (ছদ্মবেশ ধারণ) ও ৩৯৪ (ছিনতাইকালে আঘাত) ধারায় একটি মামলা (এফআইআর নম্বর-৮, জিআর নম্বর-১৪৪) দায়ের করা হয়েছে।

—জা. অর্থনীতি/এএইচএ