সংকটের মধ্যে জ্বালানি খরচ করে লং মার্চ কতটা যৌক্তিক
ছবি: জাতীয় অর্থনীতি

পঞ্চগড় প্রতিনিধি: বিশ্বের বিভিন্ন স্থানে চলমান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধীদলের লং মার্চ কর্মসূচির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও শিশুদের সাঁতার প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রশ্ন তোলেন।

প্রতিমন্ত্রী বলেন, জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন বিরোধী জোট এতদিন ‘জান্নাতের টিকিট’ বিক্রির মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এখন তারা তেল, বিদ্যুৎ, সারসহ বিভিন্ন সংকটের কথা তুলে ধরে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে।

নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

তিনি বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি সংকট একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ অবস্থায় বিপুল পরিমাণ জ্বালানি ব্যয় করে লং মার্চের মতো কর্মসূচি আয়োজন কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

অনুষ্ঠানে দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

পাশাপাশি পানিতে ডুবে শিশুদের অপমৃত্যু রোধে তাদের সাঁতার শেখানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান।

অনুষ্ঠানে এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা কে এম আব্দুল হালিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা, উপজেলা মৎস্য কর্মকর্তা, সাঁতার প্রশিক্ষণার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

—জা. অর্থনীতি/এনজে