ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী-ভাতা দেবে সরকার, নীতিমালা জারি

অনলাইন ডেস্ক: দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার, গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নীতিমালা জারি করেছে সরকার। এর আওতায় ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, খাদেম ও অন্যান্য সেবকদের মাসিক সম্মানী, ধর্মীয় উৎসব উপলক্ষে উৎসব ভাতা এবং দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ‘মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের জন্য সম্মানী ও কল্যাণ সহায়তা প্রদান নীতিমালা ২০২৬’ শীর্ষক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার, সামাজিক মূল্যবোধের বিকাশ এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে উপাসনালয়ের কর্মরত ব্যক্তিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের অবদান বিবেচনায় নিয়ে আর্থিক ও সামাজিক নিরাপত্তা জোরদার করতেই এ নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

নীতিমালার আওতায় ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের নিয়মিত সম্মানী দেওয়ার পাশাপাশি উৎসব ভাতার ব্যবস্থা থাকবে। একই সঙ্গে সংশ্লিষ্টদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে। প্রশিক্ষণের মাধ্যমে তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিকল্প আয়ের সুযোগ তৈরির লক্ষ্যও রয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সরকারের ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির ধারাবাহিকতায় এ নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

সরকারের প্রত্যাশা, এ উদ্যোগ বাস্তবায়িত হলে ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের আর্থিক অনিশ্চয়তা কমবে, জীবনযাত্রার মান উন্নত হবে এবং তাদের সামাজিক নিরাপত্তা আরও শক্তিশালী হবে। একই সঙ্গে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক মূল্যবোধ সুদৃঢ় করতে এ উদ্যোগ ভূমিকা রাখবে।

জা.অর্থনীতি/এসআই