এল নিনোর প্রভাবে কেনিয়ায় ভয়াবহ দাবানল

আন্তর্জাতিক ডেস্ক: জলবায়ু পরিবর্তন ও এল নিনোর প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক খরা, শুষ্কতা ও তাপদাহের মধ্যে কেনিয়ার দুটি গুরুত্বপূর্ণ বনাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। আগুনে দেশটির জীববৈচিত্র্য ও বনভূমির পরিবেশগত ভারসাম্য নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যস্থল মাউন্ট কেনিয়ার লেক অ্যালিস ও লেক এলিসের পার্বত্য অববাহিকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। কেনিয়া ফরেস্ট সার্ভিস (কেএফএস) ও কেনিয়া ওয়াইল্ডলাইফ সার্ভিসের (কেডব্লিউএস) মাঠপর্যায়ের তথ্য অনুযায়ী, পাহাড়ি এলাকায় প্রবল বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে অন্তত ১৭টি স্থানে আগুনের শিখা দেখা গেছে।

এদিকে তাইতা তাভেতা কাউন্টির ভোই-তাভেতা মহাসড়কসংলগ্ন বনাঞ্চলেও ৬ সেপ্টেম্বর রাত থেকে আগুন ছড়িয়ে পড়েছে। শুরুতে জ্বালানি বহনকারী একটি ট্যাংকার উল্টে আগুনের সূত্রপাত হয়েছে বলে গুঞ্জন থাকলেও পরে কেনিয়া রেড ক্রস জানায়, শুষ্ক আবহাওয়ার কারণে দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কাই বেশি।

পরিবেশ ও জলবায়ু গবেষকদের মতে, ভারত মহাসাগরের তাপমাত্রা বৃদ্ধি এবং এল নিনোর প্রভাবে বাতাসের আর্দ্রতা কমে গিয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। শুকনো পাতা ও পাহাড়ি ঘাসে আগুন ধরে প্রবল বাতাসে তা দ্রুত বিস্তৃত হচ্ছে।

দাবানল নিয়ন্ত্রণে কেএফএস, কেডব্লিউএস, কেনিয়া রেড ক্রস ও স্থানীয় ফায়ার ব্রিগেড কাজ করছে। দুর্গম এলাকায় হেলিকপ্টারে পানি ছিটানোর পাশাপাশি ফায়ার লাইন কাটার ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে শুষ্কতা ও বাতাস অব্যাহত থাকলে আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

জা.অর্থনীতি/এসআই