ইবি প্রতিনিধি: শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং ক্যারিয়ার গঠনে সহায়তার লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বিশেষায়িত ‘Career Hub’। ব্র্যাকের Skills Development Programme (SDP)-এর আওতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে প্রাথমিক আলোচনা শেষে ব্র্যাকের একটি প্রতিনিধিদল ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করে। এ সময় তারা প্রস্তাবিত ‘Career Hub’-এর সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। আগামী ২০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ব্র্যাকের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।
প্রাথমিক আলোচনা ও ক্যাম্পাস পরিদর্শনকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান উপস্থিত ছিলেন। ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন **Skills Development Programme-এর ম্যানেজার আলিউল আজিম।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ‘Career Hub’ হবে শিক্ষার্থীদের জন্য একটি সমন্বিত ‘ওয়ান-স্টপ ক্যারিয়ার সহায়তা কেন্দ্র’। এখান থেকে শিক্ষার্থীরা ব্যক্তিত্ব ও দক্ষতা মূল্যায়ন, ক্যারিয়ার কাউন্সেলিং, সিভি ও কভার লেটার তৈরি, চাকরির সাক্ষাৎকারের প্রস্তুতি, ভাষাগত ও ডিজিটাল দক্ষতা উন্নয়ন, ইন্টার্নশিপ এবং উচ্চশিক্ষা বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ পাবেন।
এছাড়া শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং প্রয়োজনীয় মানসিক স্বাস্থ্য সহায়তা প্রদানের ক্ষেত্রেও কাজ করবে এ হাব।
শুধু ক্যারিয়ার পরামর্শের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না ‘Career Hub’-এর কার্যক্রম। শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়াতে আয়োজন করা হবে ‘Know Your Employer (KYE)’ সেশন, ক্যারিয়ার এক্সপো, মক ইন্টারভিউ ও নিয়োগ কার্যক্রম। পাশাপাশি বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শনের সুযোগও পাবেন শিক্ষার্থীরা।
এদিকে ‘Career Hub’ প্রতিষ্ঠার প্রক্রিয়া ত্বরান্বিত করতে এরই মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তফা আরিফকে আহ্বায়ক এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জাহিদুল ইসলামকে সদস্য-সচিব করে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা আশা করছেন, ক্যারিয়ার হাব চালু হলে ইবির শিক্ষার্থীরা এক জায়গা থেকেই চাকরি, দক্ষতা উন্নয়ন, উচ্চশিক্ষা ও উদ্যোক্তা হওয়ার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবেন। এর ফলে শিক্ষার্থীদের কর্মসংস্থানযোগ্যতা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে কার্যকর সংযোগ তৈরিতে উদ্যোগটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
—জা. অর্থনীতি/এলএটি