বাঁধন ও নুসরাত ফারিয়ার নতুন সিনেমা ‘লজ্জা’

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার দুই পরিচিত মুখ আজমেরী হক বাঁধন ও নুসরাত ফারিয়াকে এবার একসঙ্গে দেখা যাবে বড় পর্দায়। তাদের নিয়ে নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা ‘লজ্জা’। ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করবেন এম এইচ খোকন।

গত ৭ সেপ্টেম্বর চ্যানেল আই কার্যালয়ে সিনেমাটির আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, জাজ মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী আবদুল আজিজসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

‘লজ্জা’র গল্প লিখেছেন আবদুল আজিজ। সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করবেন বাঁধন ও নুসরাত ফারিয়া। তবে তাদের চরিত্রের ধরন কিংবা গল্পে দুজনের পারস্পরিক সম্পর্ক কী-এসব বিষয়ে আপাতত বিস্তারিত জানানো হয়নি।

প্রযোজক আবদুল আজিজ জানিয়েছেন, ‘লজ্জা’ মূলত একটি সমাজসচেতনতামূলক গল্পের সিনেমা। বিনোদনের পাশাপাশি দর্শকদের কাছে গুরুত্বপূর্ণ একটি সামাজিক বার্তা পৌঁছে দেওয়াই নির্মাণের অন্যতম উদ্দেশ্য।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ২০ সেপ্টেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। নির্মাণকাজ শেষ করে আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে। এরপর সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে।

এদিকে বাঁধন বর্তমানে ইতালিতে একটি চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হামলার শিকার হওয়ায় আলোচনায় রয়েছেন। অন্যদিকে নুসরাত ফারিয়া ব্যস্ত রয়েছেন মেহেদী হাসান পরিচালিত ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’র কাজ নিয়ে। ‘লাপাত্তা’ আগামী অক্টোবরে আইস্ক্রিনে মুক্তির কথা রয়েছে।

জা.অর্থনীতি/এসআই