আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি বেড়েছে। যুক্তরাষ্ট্রের ডলারের দরপতন, মূল্যস্ফীতির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশের অপেক্ষা এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ ঘিরে নতুন অর্থনৈতিক উদ্বেগে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বেড়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে স্পট স্বর্ণের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪১৪ দশমিক ৩০ ডলারে পৌঁছায়। একই সময়ে ডিসেম্বর ডেলিভারির মার্কিন গোল্ড ফিউচারের দাম ০ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৫৮ দশমিক ৮০ ডলারে স্থির হয়েছে।
বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২২ টাকা ধরে হিসাব করলে স্পট স্বর্ণের এক আউন্সের দাম দাঁড়ায় প্রায় ৫ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা। এক আউন্সে প্রায় ২ দশমিক ৪৩ ভরি হিসেবে প্রতি ভরি স্বর্ণের আন্তর্জাতিক বাজারমূল্য দাঁড়ায় আনুমানিক ২ লাখ ২১ হাজার ৬০০ টাকা। তবে বাংলাদেশের বাজারে ভ্যাট, শুল্ক, মজুরি ও অন্যান্য খরচ যুক্ত হওয়ায় স্থানীয় বিক্রয়মূল্য এর চেয়ে বেশি হতে পারে।
হাই রিজ ফিউচার্সের ধাতু ব্যবসা বিভাগের পরিচালক ডেভিড মেগার বলেন, ডলারের ওপর সাম্প্রতিক চাপ স্বর্ণের বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। দুর্বল ডলারের কারণে অন্যান্য মুদ্রার ব্যবহারকারীদের কাছে সোনা তুলনামূলক সস্তা হয়ে ওঠে।
এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাতের বিস্তারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠেছে, যা মূল্যস্ফীতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।
বিনিয়োগকারীদের নজর এখন যুক্তরাষ্ট্রের উৎপাদক মূল্যসূচক (পিপিআই) ও ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) তথ্যের দিকে। এসব তথ্যের ওপর আগামী সপ্তাহে ফেডারেল রিজার্ভের সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তে বাজারের প্রত্যাশা অনেকটাই নির্ভর করছে।
সূত্র: রয়টার্স
জা.অর্থনীতি/এসআই
