মৌলভীবাজার প্রতিনিধি: বৃহত্তর সিলেটের বর্ষীয়ান আইনজীবী, বীর মুক্তিযোদ্ধা ও কলামিস্ট অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) মৌলভীবাজার জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিযুক্ত হয়েছেন।
এর আগে বেগম খালেদা জিয়ার প্রথম সরকারের মেয়াদেও তিনি সততা ও দক্ষতার সাথে মৌলভীবাজার জেলার পিপির দায়িত্ব পালন করেছিলেন।
হাইকোর্ট বারের তালিকাভুক্ত এই প্রবীণ আইনজীবী দীর্ঘ পেশাগত জীবনে ছয় মেয়াদে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং এক মেয়াদে আহ্বায়কের দায়িত্ব পালন করেন। আইন পেশার পাশাপাশি সাংবাদিকতা ও সাহিত্যাঙ্গনেও রয়েছে তার সরব উপস্থিতি। তিনি দীর্ঘদিন মৌলভীবাজার প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া গবেষণাগ্রন্থসহ একাধিক বইয়ের রচয়িতা হিসেবেও পাঠকমহলে তিনি সুপরিচিত।
দুদকের পিপি হিসেবে নতুন দায়িত্ব পাওয়ার পর অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব জানান, পেশাগত সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সাথে তিনি দায়িত্ব পালন করবেন। দুর্নীতির বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি বজায় রেখে মামলা পরিচালনায় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এদিকে নির্ভীক ও প্রবীণ এই ব্যক্তিত্ব দুদকের গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হওয়ায় মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতি, প্রেস ক্লাব ও জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
—জা. অর্থনীতি/এলএটি