শেরপুর প্রতিনিধি: ‘জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’- এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের সার্ধশততম আসর অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় নালিতাবাড়ীর সেঁজুতি অঙ্গনে এ পাঠচক্রের আয়োজন করা হয়।
‘একাত্তরের জননী রমা চৌধুরী’ শিরোনামে আয়োজিত ১৫০তম আসরে সভাপতিত্ব করেন বৈশাখী টেলিভিশনের শেরপুর জেলা প্রতিনিধি বিপ্লব দে কেটু।
আবৃত্তিকার ও উপস্থাপিকা একুশে দ্যুতির সঞ্চালনায়, আলোচনায় রমা চৌধুরীর জীবন, মুক্তিযুদ্ধকালীন নির্যাতন, জীবনসংগ্রাম ও সাহিত্যকর্মের বিভিন্ন দিক তুলে ধরেন শিক্ষক শঙ্করী পাঠক, মনি গাঙ্গুলি, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম ও সাংবাদিক হারুন অর রশিদ।
বক্তারা বলেন, রমা চৌধুরী ছিলেন মুক্তিযুদ্ধের একজন বীর নারী এবং স্বনামধন্য লেখক। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতনের শিকার হয়েও তিনি জীবনসংগ্রাম চালিয়ে যান। তার আত্মজীবনীমূলক গ্রন্থ ‘একাত্তরের জননী’ মুক্তিযুদ্ধের স্মৃতি ও তার ব্যক্তিগত জীবনের বেদনার এক গুরুত্বপূর্ণ দলিল।
আলোচনা পর্ব শেষে দ্বিতীয় পর্বে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিক্ষক ও শিশু শিক্ষার্থীরা।
উল্লেখ্য, রমা চৌধুরী ১৯৪১ সালের ১৪ অক্টোবর চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
—জা. অর্থনীতি/এলএটি
