ঘুমন্ত স্বামীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত
ছবি: জাতীয় অর্থনীতি

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে পারিবারিক কলহের জের ধরে ঘুমন্ত স্বামীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তার নিজ স্ত্রীর বিরুদ্ধে। অভিযুক্ত স্ত্রীর হামলায় মারাত্মক জখম হওয়া স্বামী মো. রাজু মিয়াকে (৪২) আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. নূর মোহাম্মদ এই ঘটনার তথ্য নিশ্চিত করেন। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঝিনাইগাতী সদর উপজেলার গরুহাটি এলাকায় রাজু মিয়ার নিজ বসতবাড়িতে এই নৃশংস ঘটনার সূত্রপাত ঘটে। আহত রাজু মিয়া উক্ত এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে ও স্থানীয় মরহুম ডা. আব্দুল হাইয়ের নাতি।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে রাজু মিয়া ঘরে ঘুমাচ্ছিলেন। এ সময় পারিবারিক বিরোধের জেরে তার স্ত্রী মোছা. খুকু মনি (৩২) হাতুড়ি দিয়ে ঘুমন্ত স্বামীর মাথায় অতর্কিতে উপরিউপরি আঘাত করেন বলে অভিযোগ উঠে। হামলায় রাজু মিয়ার মাথার কানের অংশে মারাত্মক জখম হয় এবং তার ডান কানের একাংশ ছিঁড়ে যায়।

পরবর্তীতে স্বজন ও স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় রাজু মিয়াকে উদ্ধার করে দ্রুত ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে স্থানান্তর করেন। পরবর্তীতে সেখান থেকেও উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানে তিনি সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

চাঞ্চল্যকর এই ঘটনার পর সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজু মিয়ার বসতবাড়িটি তালাবদ্ধ রয়েছে। তালাবদ্ধ ও জনশূন্য থাকায় হামলার নেপথ্যের সুনির্দিষ্ট কারণ তৎক্ষণাৎ জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে ওসি জানান, ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। বাড়িটি বাইরে থেকে তালাবদ্ধ থাকলেও প্রতিবেশীদের মাধ্যমে জানা গেছে যে, আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার কারণেই স্বজনেরা সাময়িকভাবে বাড়ি তালাবদ্ধ রেখে চলে গেছেন। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি