করিমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দালালবিরোধী অভিযান
ছবি: জাতীয় অর্থনীতি

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা সাধারণ ও দরিদ্র রোগীদের হয়রানি এবং সংঘবদ্ধ দালালচক্রের অপতৎপরতা বন্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের নির্দেশনায় এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা সরকার অদ্রির নেতৃত্বে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ অভিযান পরিচালিত হয়। করিমগঞ্জ থানা-পুলিশের একটি চৌকস দল অভিযানে সার্বিক আইনশৃঙ্খলা সুরক্ষায় সহায়তা প্রদান করে।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চিহ্নিত সংঘবদ্ধ দালালচক্র দূর-দূরান্ত থেকে আসা প্রসূতি ও অসহায় রোগীদের ফুসলিয়ে বহিরাগত বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাচ্ছিল। সেখানে টেস্টের নামে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার পাশাপাশি নিম্নমানের ও ভুল স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে রোগীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল। এমন লিখিত ও মৌখিক অসংখ্য অভিযোগের প্রেক্ষিতে হাসপাতালে এ অভিযান চালানো হয়। অভিযানের প্রথম দিনেই দালালচক্রকে চূড়ান্তভাবে সতর্ক করা হয়েছে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা সরকার অদ্রি জানান, "সরকারি হাসপাতালে সাধারণ ও নিম্নবিত্ত মানুষ ন্যায্য সেবা নিতে আসেন। তাঁদের চিকিৎসা সেবায় কোনো ধরনের কৃত্রিম বাধা সৃষ্টি করা বা রোগীদের নিয়ে প্রতারণার বাণিজ্য সহ্য করা হবে না। করিমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সকে পুরোপুরি দালালমুক্ত না করা পর্যন্ত আমাদের এ ধরনের ঝটিকা অভিযান ও প্রশাসনিক তদারকি অব্যাহত থাকবে।"

এ বিষয়ে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াদ শাহেদ রনি বলেন, "হাসপাতাল চত্বরকে দালালমুক্ত ও নিরাপদ করতে প্রশাসন যে কঠোর পদক্ষেপ নিয়েছে, তাকে আমরা সাধুবাদ জানাই। এ ধরনের প্রশাসনিক তদারকি বজায় থাকলে সাধারণ রোগীরা নির্ভয়ে ও স্বাচ্ছন্দ্যে সরকারি স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।"

এদিকে মোবাইল কোর্টের এই অভিযানে সন্তোষ ও স্বস্তি প্রকাশ করেছেন হাসপাতালে চিকিৎসাধীন সাধারণ রোগী ও তাঁদের স্বজনেরা। তবে এই পদক্ষেপ যেন কেবল একদিনের অভিযানের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, বরং প্রতিদিন হাসপাতাল চত্বরে পুলিশ ও প্রশাসনের কঠোর নজরদারি বজায় রাখার জোর দাবি জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগীরা।

—জা. অর্থনীতি/এলএটি