অনলাইন ডেস্ক: জরুরি মেরামত ও পাইপলাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকা, সদর উপজেলা ও সরাইল উপজেলায় টানা ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকা, সদর উপজেলা ও সরাইল উপজেলার আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. শফিকুল হক জানান, বিশ্বরোড এলাকায় পাঁচটি সিএনজি পাম্প এবং বিসিক শিল্পনগরীর জন্য পৃথক গ্যাসলাইন স্থাপনের কাজ চলছে।
তিনি বলেন, পৃথক গ্যাসলাইন স্থাপনের কাজ শেষ হলে শিল্পকারখানা ও সিএনজি পাম্পগুলোতে গ্যাসের চাপ বাড়বে। একই সঙ্গে আবাসিক গ্রাহকদের বিদ্যমান গ্যাস-সংকটও কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে।
মো. শফিকুল হক আরও জানান, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে গ্যাস সরবরাহও নির্ধারিত সময়ের আগেই স্বাভাবিক করা হবে।
সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকদের গ্যাস ব্যবহার করা সম্ভব হবে না। এজন্য গ্রাহকদের সাময়িক অসুবিধার বিষয়টি বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
জা.অর্থনীতি/এসআই
