কুষ্টিয়ায় পৃথক স্থানে বজ্রপাতে  ২ জন নিহত
প্রকীতী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় হঠাৎ কালবৈশাখী ঝড় ও আকস্মিক বজ্রপাতে পৃথক দুটি স্থানে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত তিনজন কৃষক গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকোলা গ্রাম এবং দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এসব বজ্রপাতের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকুলা কারিগরপাড়া গ্রামের মাঠে কৃষিকাজ করছিলেন মো. রওশন আলী ওরফে নুশু (৫০)। বিকেল ৩টার দিকে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি মাঠেই লুটিয়ে পড়েন। একই সময় পাশে কাজ করতে থাকা সমেজ আলী, রজব আলী ও আব্দুল জলিল নামে অপর তিন জন গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাদের দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক রওশন আলীকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, একই সময়ে জেলার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতের শিকার হয়ে আরোজ আলী (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। জমিতে কাজ করার সময় সরাসরি বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. আকুল উদ্দিন জানান, বজ্রপাতের ঘটনায় একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল এবং আহত তিনজনকে জরুরি বিভাগে ভর্তি রেখে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন বজ্রপাতে অপর এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলেই তার মৃত্যু হওয়ায় হাসপাতালে আনার পূর্বেই স্বজনেরা ব্যবস্থা নেন।

—জা. অর্থনীতি/এলএটি