৮ দফা দাবি যেকোনো সময় একদফায় রূপ নিতে পারে: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ প্রতিনিধি: জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়েছেন জনগণের ন্যায্য অধিকার ও মৌলিক চাহিদা পূরণের প্রশ্নে ঘোষিত আট দফা দাবি যেকোনো সময় একদফার আন্দোলনে রূপ নিতে পারে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ঢাকা-রংপুর লংমার্চের সিরাজগঞ্জের হাটিকুমরুলে পথসভায় প্রধান অতিথি হিসেবে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন। 

ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা যখন আসছিলাম তখন সবাই একদফার কথা বলছিল, আপনারাও কী একদফা চান? যদি তাই চান তাহলে আপনারা সবাই একদফার জন্য প্রস্তুতি নেন। এখন লংমার্চ হচ্ছে ঢাকা থেকে উত্তরবঙ্গে, তখন লংমার্চ হবে সিরাজগঞ্জ থেকে ঢাকা।

এ সময় এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সরকার সার দিতে ব্যর্থ হলেও কৃষিমন্ত্রী বলেন সারের কোনো সংকট নাই। সারের সংকট না থাকলে কৃষক কেন রাস্তায় নামে? সরকার সব খাতে ব্যর্থ। এখন আওয়ামী গুলশানে মিছিল করে। কিন্তু তারা কিছু করতে পারেন না। তাই সামনে আরও কঠোর আন্দোলন হবে। 

বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির

পথসভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী বলেন, আমাকে অনেকেই এই সরকারের বিভিন্ন বিষয় নিয়ে বলে, আমি বলি তারেক রহমান যদি সংস্কার না করে এবং যেগুলো করার কথা সেগুলো না করে তাহলে আমি হাসিমুখে সবাইকে একটাই উত্তর দেই- তারেক রহমানকে ফেলায়ে দেব ইনশাআল্লাহ। 

এ সময় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, আপনারা ভয় পাবেন না; কিন্তু আমাদের লংমার্চে বাধা দিবেন না। দিলে জনগণ আপনাদের প্রতিহত করবে। 

পথসভায় আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মামুনুল হক, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ অন্যান্যরা।

লংমার্চে কয়েকশ গাড়ি অংশ নেয়। সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর শাহিনুর আলমের সভাপতিত্বে পথসভাটি পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম জাহিদ। 

—জা. অর্থনীতি/এনজে