অনলাইন ডেস্ক: গণতান্ত্রিক সমাজে অন্যের মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর লেকশোর গ্র্যান্ড হোটেলে ব্যারিস্টার আবদুর রাজ্জাক রচিত ‘জামায়াতে-ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিক্স’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্যানেলিস্ট হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সমাজে কোনো ব্যক্তি বা দলের সব বক্তব্যের সঙ্গে একমত হওয়া জরুরি নয়। তবে কোনো সমালোচনা পছন্দ না হলেই তা প্রত্যাখ্যান করাও সঠিক নয়। অন্যের মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গণতান্ত্রিক সমাজের জন্য গুরুত্বপূর্ণ।
বইটি শুধু সাহিত্য বা গবেষণাধর্মী গ্রন্থ নয় উল্লেখ করে তিনি বলেন, এতে একজন মানুষের জীবনদর্শন, চিন্তা, চেতনা এবং সমাজকে দেখার অভিজ্ঞতার প্রতিফলন ঘটেছে।
আবদুর রাজ্জাকের রাষ্ট্র ও সমাজচিন্তার প্রসঙ্গ তুলে ধরে মো. আসাদুজ্জামান বলেন, ওপর থেকে ইসলামিক শাসনব্যবস্থা চাপিয়ে দেওয়া নয়; বরং সমাজ থেকে ইসলামিক মূল্যবোধের আলোকে রাষ্ট্র গড়ে তোলা ও পরিচালনা করাই ইসলামিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সঠিক পথ।
নতুন প্রজন্মের প্রসঙ্গে তিনি বলেন, সামনে এগিয়ে যেতে হলে সমাজকে পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে হবে। জুলাইয়ের গণঅভ্যুত্থান একটি প্রজন্মের পরিবর্তনের আকাঙ্ক্ষাকে সামনে এনেছে।
মুক্তিযুদ্ধ ও তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আবদুর রাজ্জাকের অবস্থান প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে তাঁর অবস্থান ও জাতির কাছে দেওয়া বক্তব্য গুরুত্বপূর্ণ। তা আরও আগে স্পষ্টভাবে সামনে এলে অনেক প্রশ্নের অবসান হতে পারত।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বইটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বইটি প্রকাশ করেছে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড।
জা.অর্থনীতি/এসআই