আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেরলে হড়পা বান ও ভূমিধসে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন। রবিবার রাজ্যের মালাপ্পুরম ও ইডুক্কি জেলায় পৃথক এসব দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধারকাজে নামে স্থানীয় প্রশাসন।
মালাপ্পুরমের কোট্টাপুঝা নদীতে রবিবার বিকেলে হঠাৎ হড়পা বান আসে। নদীর তীরবর্তী উলারভাট্টম ক্যানাল থেকে টিকে কলোনি পর্যন্ত এলাকা পর্যটকদের কাছে জনপ্রিয়। ছুটির দিন হওয়ায় ওই এলাকায় বহু মানুষের সমাগম হয়েছিল।
হঠাৎ নদীর জলস্তর বেড়ে যাওয়ায় নয়জন ভেসে যান। এ সময় নদীতে আটকে পড়েন প্রায় ২৭ জন। স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারীদের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। পরে নদী থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই এলাকায় তেমন বৃষ্টি হয়নি। তবে উজানের জঙ্গলে প্রবল বৃষ্টির কারণে নদীর জলস্তর আকস্মিকভাবে বেড়ে যায়। এতে হড়পা বানের সৃষ্টি হয়।
অন্যদিকে, ইডুক্কি জেলার কোট্টাকাম্বুরে প্রবল বৃষ্টির কারণে ভূমিধসের ঘটনা ঘটে। রবিবার বিকেলে বৃষ্টি থেকে বাঁচতে টিনের শেডে আশ্রয় নিয়েছিলেন বালাকৃষ্ণন ও চিন্না নামের দুই ব্যক্তি। সে সময় শেডটির ওপর ভূমিধস হলে দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে তৎপর হন কেরলের মুখ্যমন্ত্রী সতীশন। তিনি দুই জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করে ঘটনার বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি উদ্ধারকাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। বিপজ্জনক এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
জা.অর্থনীতি/এসআই
