নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা-৪ আসনের বিএনপি ও সহযোগী সংগঠনের ৪৭ নেতাকর্মী ওমরাহ পালন করতে সৌদি আরব যাচ্ছেন। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও এই আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে তাদের এই সফরের ব্যবস্থা করা হয়েছে। নেতাকর্মীরা যাতে সমাজসেবা ও রাজনীতি করতে গিয়ে পথভ্রষ্ট না হন এবং দেশ ও জনগণের সেবা সঠিকভাবে সম্পন্ন করতে পারেন—সেই লক্ষ্যেই তার এই আয়োজন।
জানা গেছে, সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় ওমরাহ পালন করতে যাচ্ছেন নেত্রকোনা-৪ সংসদীয় আসন—মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীর বিএনপি এবং সহযোগী সংগঠনের ৪৭ জন নেতাকর্মী। সফরটিকে ঘিরে নেতাকর্মীদের মাঝে তৈরি হয়েছে আবেগঘন পরিবেশ। সফর উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে নেতাকর্মীদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন তিনি।
নেতাকর্মীরা বলেন, আত্মশুদ্ধির জন্য নেতাকর্মীদের ওমরাহ হ্বজে পাঠাচ্ছেন লুৎফুজ্জামান বাবর।
লুৎফুজ্জামান বাবরের এমন উদ্যোগে গভীর কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেছেন ওমরাহ পালনে যাওয়া নেতাকর্মীরা। দেশ, জাতি এবং দলীয় প্রধানসহ লুৎফুজ্জামান বাবরের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় তারা কাবার প্রাঙ্গণে বিশেষ দোয়া করবেন বলে জানান।
আত্মশুদ্ধির জন্য নেতাকর্মীদের ওমরাহ হ্বজে পাঠানোর কথা জানান লুৎফুজ্জামান বাবর।
মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমরাহ যাত্রীদের এই কাফেলাটি সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবে। তবে এ কাফেলার সঙ্গে নিজে যাচ্ছেন না লুৎফুজ্জামান বাবর। নেতাকর্মীরা যেন সুষ্ঠু ও সুন্দরভাবে ওমরাহ পালন শেষ করে দেশে ফিরে আসতে পারেন, সেজন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
—জা. অর্থনীতি/এনজে