নিজেস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আওয়ামী লীগের ঝটিকা মিছিলের মাধ্যমে অস্থিরতা সৃষ্টির চেষ্টা রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে। একই সঙ্গে অবৈধ অস্ত্র, মাদক, পাহাড় কাটা ও অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।
এ্যানি বলেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ রাজনৈতিক দল। বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করে তারা সমাজে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। কোনোভাবেই যেন এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে অরাজকতা, নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে সজাগ থাকতে হবে। রাজনৈতিকভাবে এসব মোকাবিলার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বাচলে স্বাদের ফাঁদ হাঁসের মাংস ও সি ফুড
চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, কোথায় চুরি, রাহাজানি, ডাকাতি ও ছিনতাই হচ্ছে, কোথায় অবৈধ অস্ত্র ও মাদকের বিস্তার রয়েছে—এসব বিষয়ে প্রশাসন ও নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণ মানুষ যাতে স্বাভাবিকভাবে বসবাস ও চলাফেরা করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
অবৈধ অস্ত্র ও মাদকের পাশাপাশি পাহাড় কাটা এবং অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়গুলোও আইনশৃঙ্খলার সঙ্গে সম্পৃক্ত বলে উল্লেখ করেন এ্যানি।
তিনি বলেন, এসব বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। জনস্বার্থে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক নির্মূল, পাহাড় কাটা ও বালু উত্তোলন বন্ধে কিছু বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। যেখানে যে ব্যবস্থা প্রয়োজন, তাৎক্ষণিকভাবে তা সমন্বয় করে সমাধানের দিকে নজর দেওয়া হবে।
চট্টগ্রামের গুরুত্ব তুলে ধরে পানিসম্পদমন্ত্রী বলেন, চট্টগ্রাম দেশের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও অর্থনৈতিক অঞ্চল। সরকারের পক্ষ থেকে সব দিক বিবেচনা করে এমন পদক্ষেপ নেওয়া হবে, যাতে এই জেলা ও নগরে মানুষ স্বাভাবিকভাবে বসবাস করতে পারেন।
—জা. অর্থনীতি/এনজে