আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় চলন্ত একটি এসি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত নয়জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আগুন লাগার সময় বাসটিতে ৩৫ জন যাত্রী ছিলেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) মধ্যরাতে যমুনা এক্সপ্রেসওয়েতে জেওয়ারের কাছে দয়ানটপুর গ্রামের এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, বাসটি নয়ডা থেকে মাহোবার দিকে যাচ্ছিল। রাতের বেলা অধিকাংশ যাত্রী বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বাসে আগুন ধরে গেলে প্রথম দিকে অনেকেই বিষয়টি বুঝতে পারেননি। পরে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।
এক যাত্রী সংবাদসংস্থা এএনআইকে জানান, তিনি ঘুমিয়ে ছিলেন। হঠাৎ একজন বাসে আগুন লাগার কথা জানালে সবাই চিৎকার শুরু করেন। চারদিকে ঘন ধোঁয়া থাকায় বাস থেকে বের হওয়া কঠিন হয়ে পড়েছিল। একপর্যায়ে অনেকে কাচের জানালা ভেঙে বাস থেকে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচান।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। তারা উদ্ধারকাজ শুরু করে। বাসের ভেতরে আরও কেউ আটকা পড়েছিলেন কি না, তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট হয়নি। আগুনে বাসটির অধিকাংশ অংশ পুড়ে গেছে।
এ ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।
তবে কী কারণে বাসটিতে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে দমকল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জা.অর্থনীতি/এসআই
