মাদারীপুর প্রতিনিধি: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছনে দ্রুতগতির অপর একটি যাত্রীবাহী বাসের সজোরে ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন যাত্রী।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার পাঁচ্চর বাখরেরকান্দি এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খুলনা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল 'পালকী পরিবহন'-এর একটি দূরপাল্লার বাস। পাঁচ্চর বাখরেরকান্দি এলাকায় পৌঁছালে বাসটির একটি চাকা পাংচার হয়ে বিকল হয়ে যায়। ড্রাইভার বাসটি মেরামত করার জন্য এক্সপ্রেসওয়ের পাশে থামিয়ে রাখেন। এ সময় বরিশাল থেকে ঢাকাগামী দ্রুতগতির 'হানিফ পরিবহন'-এর একটি বাস সোজা এসে দাঁড়িয়ে থাকা পালকী পরিবহনের বাসটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বিকল বাসের পেছনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে পালকী পরিবহনের চালকের সহকারী (হেলপার) এবং হানিফ পরিবহনের দুই যাত্রী রয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর সরদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "চাকা পাংচার হওয়ায় পালকী পরিবহনের বাসটি সড়কে পার্কিং অবস্থায় ছিল। এ সময় পেছন থেকে হানিফ পরিবহনের বাসটি ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।"
দুর্ঘটনার সময় তীব্র ধাক্কায় মহাসড়কে যান চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়লে ঢাকামুখী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে শিবচর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথ অভিযান চালিয়ে ক্ষতিগ্রস্ত বাস দুটি সরিয়ে নিলে বিকেল ৫টার দিকে এক্সপ্রেসওয়েতে যান চলাচল পুনারায় স্বাভাবিক হয়।
শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মুনতাসির রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে। তাদের পরিচয় শনাক্তকরণের চেষ্টা চলছে এবং দুর্ঘটনা সংক্রান্ত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
—জা. অর্থনীতি/এলএটি