অনলাইন ডেস্ক: ঢাকার গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। বাকি ২৯ জনের পরিচয়ের তথ্য নিশ্চিতে যাচাই-বাছাই চলছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের সহকারী কমিশনার (এসি) সাকিবুল আলম ভূঁইয়া এ তথ্য জানান। তিনি বলেন, আমরা জাসদের নেতাদের কাছ থেকে নেতা-কর্মীদের তালিকা নিয়েছি। সেসব যাচাই-বাছাই করে পরিচয় শনাক্ত হওয়ায় ২৪৯ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশের হেফাজতে আরও ২৯ জন রয়েছেন। তাদেরও পরিচয় যাচাই চলছে। পরিচয় শনাক্ত হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
এর আগে, গতকাল রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে 'কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মী' সন্দেহে প্রায় তিনশ জনকে আটক করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরে তাদেরকে পল্টন থানায় নেওয়া হয়।
—জা.অর্থনীতি/আইবিএম
c