সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে কাঠমিস্ত্রির কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে শওকত গাজী (৫৫) নামের এক শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের বন্যাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শওকত গাজী সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাট এলাকার মৃত আব্দুল সামাদ গাজীর ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন এবং দিনমজুর হিসেবে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কাঠের কাজ করতেন।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে শ্যামনগরের বন্যাতলা এলাকায় কাঠের কাজ করছিলেন শওকত। এ সময় হঠাৎ হালকা বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে আচমকা বজ্রপাত হলে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
নিহতের চাচাতো ভাই আব্দুল খালেক জানান, শওকত গাজী পরিবারের উপার্জনের মূল চালিকাশক্তি ছিলেন। তিনি পাঁচ সন্তানের জনক। তার এই আকস্মিক মৃত্যুতে পুরো পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ ঢালী জানান, কাজ করতে গিয়ে আকস্মিক বজ্রপাতে শওকত গাজীর মৃত্যু হয়েছে। মরদেহ তার বাড়িতে পৌঁছানোর পর স্বজনদের সম্মতিতে দাফনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
—জা. অর্থনীতি/এলএটি