গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
ছবি: সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের ডেগিরচালা এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট । 

শনিবার (৩ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে এ আগুন লাগে। কারখানার ভেতরে সৃষ্ট তীব্র ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া অন্তত ৭০ জন শ্রমিককে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার পর পরই কারখানার ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট প্রথমে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা দ্রুত বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে কোনাবাড়ী ফায়ার স্টেশনের একটি, গাজীপুর ফায়ার স্টেশনের আরও তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটিসহ মোট ৯টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী গণমাধ্যমকে জানান, কারখানাটির ভেতরে অতিরিক্ত ধোঁয়া জমে যাওয়ায় সেখান থেকে অসুস্থ হয়ে পড়া প্রায় ৭০ জনকে উদ্ধার করে দ্রুত স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ বা বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, কারখানা ভবনের আশপাশে কোনো পুকুর বা পর্যাপ্ত পানির প্রাকৃতিক উৎস না থাকা এবং পাশাপাশি কারখানার নিজস্ব পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা কার্যকর না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে তীব্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।

—জা.অর্থনীতি/এনজে