অঞ্চলভেদে কৃষি উন্নয়নে বটম-আপ পরিকল্পনার আহ্বান জাবি উপাচার্যের
ছবি: জাতীয় অর্থনীতি

জাবি প্রতিনিধি: আঞ্চলিক বৈচিত্র্য বিবেচনায় নিয়ে টেকসই কৃষি উন্নয়নে বাস্তব প্রয়োজনভিত্তিক বটম-আপ সমন্বিত পরিকল্পনা গ্রহণ জরুরি বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।

রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে ১০ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ভূগোল ও পরিবেশ বিভাগ এবং বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচারাল এক্সটেনশনের যৌথ আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। এতে কৃষি মন্ত্রণালয়ের ৩৬ জন বিসিএস কৃষি কর্মকর্তা অংশ নিচ্ছেন।

উপাচার্য বলেন, টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করতে শুধু টপ-ডাউন পদ্ধতির ওপর নির্ভর না করে মাঠপর্যায়ের বাস্তব প্রয়োজনকে গুরুত্ব দিয়ে বটম-আপ সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা জরুরি। দেশের উপকূলীয় অঞ্চল, উত্তরবঙ্গ ও মধ্যাঞ্চলের মাটি, পানি ও জলবায়ুতে স্পষ্ট ভিন্নতা রয়েছে। তাই সব অঞ্চলে একই মডেল প্রয়োগ না করে অঞ্চলভিত্তিক কৃষি ব্যবস্থাপনা পরিচালনা করতে হবে।

ইবিতে ১০০ নম্বরের ইন্ডাস্ট্রি-রিলেটেড কোর্স চালু

তিনি আরও বলেন, এ প্রশিক্ষণ কর্মশালায় অর্জিত জ্ঞান অংশগ্রহণকারী কর্মকর্তারা মাঠপর্যায়ে কৃষকদের মধ্যে ছড়িয়ে দেবেন। এর ফলে জমির মানচিত্রায়ন, মাটির গুণাগুণ, আবহাওয়া ও পরিবেশ বিবেচনায় নিয়ে উপযুক্ত শস্য উৎপাদনে কৃষকরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন বলে আশা প্রকাশ করেন উপাচার্য।

ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, সমাজবিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা এবং প্রশিক্ষণ কর্মশালার প্রকল্প পরিচালক ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তা খন্দকার মো. ইফতিখার রাশেদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. উবায়দুর রহমান সিদ্দিকী।

—জা. অর্থনীতি/এনজে