স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলার আগে আবেগঘন বার্তা দিয়েছেন বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি। জাতীয় দলের হয়ে শেষ অনুশীলন সেশন শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে সতীর্থদের সঙ্গে তোলা কয়েকটি ছবি প্রকাশ করেন তিনি। ছবির সঙ্গে মেসি লিখেছেন, ‘বিশেষ কিছু মুহূর্ত, যা আমি জানি যে আমি মিস করব।’
আর্জেন্টিনা জাতীয় দলের সদস্য হিসেবে শেষ অনুশীলন সেশনটি মেসির জন্য ছিল বিশেষ আবেগের। অনুশীলন শেষে নিজের নামে নামকরণ করা এজাইজা অনুশীলন কমপ্লেক্সে দলের সঙ্গে রাতের খাবারও সারেন তিনি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুশীলনের বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করেন।
ছবিগুলোর একটিতে সতীর্থদের সঙ্গে হাস্যোজ্জ্বল মেসিকে দেখা যায়। আরেকটি ছবিতে ছিলেন দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফ, মাঠের কর্মী, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মকর্তারা এবং সভাপতি ক্লাউদিও তাপিয়া।
বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টায় মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচেই জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো খেলবেন মেসি। ফলে ম্যাচটি ঘিরে ইতোমধ্যে তৈরি হয়েছে আবেগঘন পরিবেশ।
মেসির পাশাপাশি জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেওয়া নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো দে পল ও জিওভানি লো সেলসোও দলে রয়েছেন। তারা শুরুর একাদশে থাকবেন কি না, তা অবশ্য নিশ্চিত নয়। তবে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি না হলে বেনিনের বিপক্ষে পুরো ৯০ মিনিট মাঠে থাকার কথা মেসির।
জা.অর্থনীতি/এসআই