আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার তাঁরই পাওয়া উচিত। তবে পুরস্কারটি শেষ পর্যন্ত তিনি পাবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। আগামী শুক্রবার ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করার কথা রয়েছে।
বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘তারা কী সিদ্ধান্ত নেবে, আমি জানি না।’ নোবেল কমিটির পুরস্কার দেওয়ার ক্ষেত্রে তাঁর মতো ব্যক্তিদের বিষয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
গত বছর হোয়াইট হাউসে ফেরার পর থেকেই ট্রাম্প বারবার দাবি করে আসছেন, শান্তি প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার স্বীকৃতি হিসেবে নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত। তিনি বলেন, ‘এখন বোধহয় সেই সময় এসেছে।’
গত জানুয়ারিতে ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো তাঁর ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের পদক ট্রাম্পকে উপহার দিয়েছিলেন। ভেনেজুয়েলায় নিজের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়ার আশায় তিনি এ পদক্ষেপ নেন।
ট্রাম্পের দাবি, দায়িত্ব নেওয়ার পর তিনি আটটি সংঘাতে হস্তক্ষেপ করেছেন। কম্বোডিয়া, ইসরায়েল ও পাকিস্তানের নেতারা তাঁকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছেন বলেও তিনি উল্লেখ করেছেন। তবে এসব মনোনয়নের বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিলেও এখনো তা বাস্তবায়ন করতে পারেননি ট্রাম্প। ইরান ও ইসরায়েলকে ঘিরেও তাঁর কূটনৈতিক ভূমিকা নিয়ে বিতর্ক রয়েছে। চলতি বছরের পুরস্কারের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে পোপ লিও, আন্তর্জাতিক অপরাধ আদালত এবং ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক বিশেষ প্রতিবেদকের নামও রয়েছে।
জা.অর্থনীতি/এসআই