স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসির আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায়ের মুহূর্তে আবেগঘন চিঠি লিখেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও চিকি তাপিয়া। চিঠিতে মেসির গোল বা শিরোপার হিসাব না টেনে তাঁর বিনয়, পরিশ্রম, দায়িত্ববোধ ও উত্তরাধিকারের কথা তুলে ধরেছেন তিনি।
চিঠির শুরুতে তাপিয়া লিখেছেন, যে দিনটি কেউ আসুক চায়নি, সেটি শেষ পর্যন্ত এসেছে। তবে এটি কোনো গল্পের শেষ নয়; বরং একটি অধ্যায়ের সমাপ্তি। তাঁর মতে, কিছু গল্প চিরন্তন হয়ে গেলে তার আর শেষ থাকে না।
বিশ্বজোড়া খ্যাতি অর্জনের পরও মেসির বিনয় ধরে রাখা এবং কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়ার প্রশংসা করেছেন তাপিয়া। সতীর্থদের প্রতি তাঁর সম্মান, নতুনদের আপন করে নেওয়া এবং কঠিন সময়ে দলের পাশে থাকার কথাও উল্লেখ করেছেন তিনি। জাতীয় দলের জার্সির প্রতি মেসির গভীর দায়বদ্ধতার কথাও চিঠিতে উঠে এসেছে।
মেসির ক্যারিয়ারের কঠিন সময় ও সমালোচনার প্রসঙ্গ টেনে তাপিয়া বলেন, চাইলে অনেক আগেই তিনি থেমে যেতে পারতেন। কিন্তু তিনি ফিরে এসেছেন। কোপা আমেরিকা, ওয়েম্বলি এবং শেষ পর্যন্ত কাতারের ১৮ ডিসেম্বরের সেই ঐতিহাসিক বিকেল-সবকিছুর কথাই স্মরণ করেছেন এএফএ সভাপতি।
তাপিয়ার চোখে মেসির সবচেয়ে বড় অর্জন শুধু শিরোপা নয়, বরং প্রজন্মের পর প্রজন্মকে একই জার্সির নিচে এক করা। চিঠির শেষে তাঁকে ‘আমাদের অধিনায়ক, আমাদের চ্যাম্পিয়ন, আমাদের ১০ নম্বর ও আমার প্রিয় নায়ক’ উল্লেখ করে সবকিছুর জন্য ধন্যবাদ জানিয়েছেন তাপিয়া।
জা.অর্থনীতি/এসআই