জাতীয় অর্থনীতি আন্তর্জাতিক: ২০২৭ সালের হজ ঘিরে আগাম প্রস্তুতি শুরু সৌদি আরবের? হজযাত্রীরা পৌঁছানোর আগেই ৭৮ দেশের সঙ্গে কেন বৈঠকে বসেছে সৌদি কর্তৃপক্ষ? আবাসন, পরিবহন, খাবার ও ভিড় ব্যবস্থাপনায় কী কী পরিকল্পনা নেওয়া হচ্ছে? হজযাত্রা আরও সুশৃঙ্খল ও স্বস্তিদায়ক করতে কোন বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছে সৌদি আরব?
২০২৭ সালের হজকে সামনে রেখে প্রস্তুতি কার্যক্রম জোরদার করেছে সৌদি আরব। হজযাত্রীরা দেশটিতে পৌঁছানোর আগেই প্রস্তুতি, পরিচালন পরিকল্পনা ও সেবার বিভিন্ন বিষয় সমন্বয় করতে ৭৮ দেশের হজবিষয়ক অফিসের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয়।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, এসব বৈঠকে হজের প্রস্তুতির বিভিন্ন ধাপের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি অনুমোদিত সময়সূচি বাস্তবায়ন, হজ প্যাকেজের প্রক্রিয়া এবং অনুমোদিত সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির বিষয়েও আলোচনা হয়েছে।
হজযাত্রীদের আবাসন, পরিবহন, খাবার সরবরাহ ও ভিড় ব্যবস্থাপনা নিয়েও বিস্তারিত আলোচনা করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ ছাড়া, হজযাত্রীদের সচেতনতা বৃদ্ধি, দিকনির্দেশনামূলক কর্মসূচি এবং হজ পরিচালনায় প্রযোজ্য নিয়মকানুন নিয়েও কথা হয়েছে।
সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন দেশের হজবিষয়ক অফিসগুলোর প্রস্তুতি ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রস্তুতির কোনো পর্যায়ে সমস্যা দেখা দিলে তা আগেভাগেই শনাক্ত করে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতিটি ধাপের জন্য নির্ধারণ করা হয়েছে দায়িত্ব ও সময়সীমা।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের হজের প্রস্তুতি কার্যক্রম শুরু হয় গত মে মাসে। তখন বিভিন্ন দেশের হজবিষয়ক অফিসে প্রস্তুতিসংক্রান্ত নথি ও পরিচালন সূচি পাঠানো হয়। একইসঙ্গে আগের হজ মৌসুমের কার্যক্রমের ব্যাপক মূল্যায়নও করা হয়।
সৌদি কর্তৃপক্ষের ভাষ্য, আগাম ও সমন্বিত পরিকল্পনার মাধ্যমে হজযাত্রীদের জন্য আরও সুশৃঙ্খল, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য। সৌদি ভিশন ২০৩০ এর আওতায় পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেও প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এসপিএর প্রতিবেদনে আরও বলা হয়েছে, হজের বিভিন্ন কার্যক্রম আগেভাগে সমন্বয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর হজবিষয়ক অফিস, সেবাদাতা প্রতিষ্ঠান ও সৌদি কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতা জোরদার করা হচ্ছে। হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছানোর আগেই প্রস্তুতির বিভিন্ন ধাপ সম্পন্ন করে ব্যবস্থাপনায় সমন্বয় নিশ্চিত করাই এসব বৈঠকের মূল উদ্দেশ্য।
—জা.অর্থনীতি/জেআরটি